Thursday, April 21, 2016

Robert Downey Jr. says Sherlock 3 is filming “this year

ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের প্রেস ট্যুর শেষ করে এবার রবার্ট ডাউনি জুনিয়র শারলক ৩ এর ব্যাপারে চিন্তা ভাবনা করছেন।
শর্টলিস্ট ম্যাগাজিনের সাথে এক আলাপে ডাউনি বলেছেন, "আমরা এ বছরেই এটা বানানোর চিন্তা করছি। আসলে শারলক মুভিগুলো তৈরি করা বা এতে কাজ করা খুব সহজ নয়। আমি এটা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু এবারের ব্যাপারটা আলাদা।
২০১১ সালে শারলক হোমস আ গেম অভ শ্যাডোস মুক্তির পর থেকেই এ সিরিজের আর কোন মুভি আসবে কিনা তা নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু এবার ডাউনি নিজেই সেই গুঞ্জনের জবাব দিলেন স্বভাবসুলভ ভঙ্গিতেই, "আমরা এখন এটার প্রাথমিক কিছু কাজ করছি। পুরো মুভিটা যদি স্কাইপে করতে পারতাম তবে তো এক সপ্তাহেই শেষ করা যেত।"
অন্যদিকে নাইটস অভ দ্য রাউন্ডটেবিল - কিং আরথার মুভির কাজ দ্রুত শেষ করে শারলকের এবারের প্রজেক্টে হাত দিতে হবে গাই রিচিকে।
ওয়াটসন চরিত্রে অভিনয় করা জুড ল গত বছর এম্পায়ার ম্যাগাজিনকে বলেছিলেন এবারের শারলক মুভিটা হবে আগের দুটো মুভির মতই তবে একটু স্মার্ট।
আয়রন ম্যান ৩ এর ড্রিউ পিয়ারস এখন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। তাই বলাই যায় যে যত তাড়াতাড়ি কলাকুশলীদের শিডিউল পাওয়া যাবে তত তাড়াতাড়ি আমরা শারলকের এই প্যাকটা পেয়ে যাব।
সুত্র এম্পায়ার ম্যাগাজিন

Wednesday, April 20, 2016

মনিকা বেলুচ্চি ইন্টারভিউ - দ্য টকস

২০১২ সালের অগাস্ট মাসের শেষের দিকে দ্য টকসের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সিনে ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী মনিকা বেলুচ্চি। আজকের পোস্ট সেই ইন্টারভিউ নিয়েই...

- খুব সুন্দরী বলেই কি একের পর এক কাজ করে যাচ্ছেন?

সৌন্দর্য কৌতূহল জাগায়। কিন্তু অস্কার ওয়াইল্ড বলেছেন যদি আপনার ভেতরে কৌতূহল ধরে রাখার মত কিছু না থাকে, তবে সৌন্দর্য মাত্র ৫ মিনিট দীর্ঘস্থায়ী। নিজের ক্যারিয়ার দেখে আমার মনে হয় না যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমার এত অর্জন। ডিরেক্টররা আপনাকে ডাকবেন সৌন্দর্য ও প্রতিভা – দু’য়ের সমন্বয়েই।

- সৌন্দর্য কখনও বাঁধা মনে হয়েছে?

অবশ্যই। আমি এসেছি ফ্যাশন জগত থেকে। দ্বিমুখী সমস্যার কবলে পড়ে গিয়েছিলাম আমি। এই ক্যারিয়ার গড়তে সৌন্দর্য ও ফ্যাশন অনেক সমস্যাদায়ক। সুন্দরী বলে অনেকে ভাবত যে আমি বোকা। কিন্তু এটা অনেকটা মুখোশের মত। এ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং মানুষকে আপনাকে আবিষ্কারের সুযোগ দিতে হবে।

- এ কারণেই কি আপনি এক্সট্রিম রোল বেছে নিতেন?

বলতে পারেন।

- নিজেকে প্রমাণ করতে হবে এখনও – মনে করেন এটা?

বাকিদের কাছে না। নিজের কাছে অবশ্যই।

- আসলেই?

অবশ্যই। নিজের সামর্থ্য খুঁজে বের করতে হবে আমাকে। কেউ যদি ভালো কোন একটা আইডিয়া নিয়ে আমার কাছে আসে তো ভালো লাগলে আমি অবশ্যই কাজ করব। আলোচিত হবে – এমন মুভি আমার পছন্দ। যেমন ইররিভারসিবল, ম্যালেনা, দ্য প্যাশন অভ দ্য ক্রাইস্ট। মানবতার অন্ধকার দিকটা তুলে ধরতে চাই আমি। এ কারণেই আমি একজন অভিনেত্রী।

- নিজের অভিনীত মুভি কি পরে আর দেখেন?

আমি সাধারণত এক মুভি দ্বিতীয়বার দেখি না। তবে ম্যালেনার মত মুভি বহু বছর পরে একাধিকবার দেখেছি।

- আপনার স্বামী ভিন্সেন্ট ক্যাসেলও একজন অভিনেতা। যখন তাকে টিভি পর্দায় দেখেন, কেমন লাগে?

মেসরিন দেখে আমি প্রথমে ওকে চিন্তেই পারিনি। পরে একটা পর্যায়ে গিয়ে মুভিতে জেলের ভেতর বাচ্চাদের সাথে ওর ব্যবহার দেখে চিন্তে পারি। ভালই লাগে।

- নিজেদের মধ্যে কাজ নিয়ে কথা হয়?

একদমই না। আমাদের পৃথিবী দুই রকম। ভিন্সেন্ট আমার বন্ধুদের চেনে না। আমি ওর বন্ধুদের চিনি 
না। আমরা একইরকম মানুষকে দেখি না। আমাদের জীবনটাও একইরকম নয়। ও ওর মত করে স্বাধীন। আমি আমার মত।

- জীবিকার জন্য বাবা-মাকে কি করতে হয় আপনার  সন্তানেরা তা জানে?
না। কিছুদিন আগে আমার মেয়ে আমাকে বলছে যে মা আমি তোমার মত হতে চাই। আমি কাজ করতে চাই না।আমি তোমার মত মা হতে চাই। এবং যখন আমার বয়স হবে তখন আমার মেয়ে কাজ করবে। আমার মেয়ে মনে করে যে আমি কোন কাজ করি না। এটা আমার জন্য আনন্দের। কারণ ও মনে করে আমি ওর সাথেই আছি সবসময়।

- একদিন মেয়েটা কি আপনার মত অভিনেত্রী হতে চাইবে?

আমার মনে হয় না।

- কেন?

কারণ অভিনয় বিশেষ ধরণের একটা কাজ। যদি সে আমাকে বলে যে সে একজন নাইট হতে চায় তো আমার তাতে আপত্তি নেই। কারণ জীবনে টার্গেট থাকাটা ভালো। ও যদি চায় তো অভিনয় করবে...

- আপনার পরিবারও কি এমন ছিল?

আমার পরিবার ছিল একদম অন্যরকম। তাই আমার জন্য এই ক্ষেত্রে কাজ করাটা সহজ ছিল। কিন্তু অভিনেতা অভিনেত্রী পরিবার থেকে এই ক্ষেত্রে কাজ করতে আসাটা খুব একটা সহজ কাজ নয়।